কাউনিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

রংপুররংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রফিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। রবিবার (৩ মে) ভোরে এ ঘটনা ঘটে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রফিকুল পৌর এলাকার নতুন বাজার এলাকার বসিন্দা।

ওসি জানান, রবিবার ভোরে পুলিশের একটি দল হারাগাছ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। সেখানে আগে থেকেই মাদক ব্যবসায়ীরা অবস্থান করছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, পরে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম নিহত হয় এবং অন্যান্য মাদক ব্যাবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

তিনি আরও জানান, নিহত রফিকুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মাদক আইনে মামলা রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।