কেন্দ্র ঘোষিত নীলফামারী জেলা যুবদলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পাঁচ সদস্যবিশিষ্ট কমিটির তিনজনেই পদত্যাগের ঘোষণা দিয়েছে।
রবিবার (৩ জুন) দুপুরে পৌর মার্কেট সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা যুবদলের নবগঠিত কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি কাজী আখতারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আল নোমান পারভেজ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম তমু প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, ‘১ জুন রাতে কেন্দ্র থেকে জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। নবঘোষিত এ কমিটিতে রাজনীতির মাঠে না থাকা জেলা বিএনপির প্রচার সম্পাদক এএইচএম সাইফুল্লাহ রুবেলকে সভাপতি ও ডোমারের গোমনাতি ইউনিয়নের শাহদাৎ হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত শনিবার (২ জুন) সন্ধ্যায় শহরের মিডিয়া হাউসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পাঁচ সদস্যের জেলা কমিটির তিন নেতা তাদের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
তারা হলেন কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি কাজী আখতারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক আল নোমান পারভেজ।
একই দাবিতে যুবদল সদর উপজেলা কমিটির সভাপতি এস. কে মালেক ও পৌর শাখার সভাপতি মো. নূর আলম ও সাধারণ সম্পাদক শামিম শাহ আলম তমু পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অভিযোগ করে বলেন, ‘যাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে, তিনি একসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, এবং বর্তমানে তিনি জেলা বিএনপির প্রচার সম্পাদক। বিএনপি নেতাকে যুবদলের নেতা বানানো হাস্যরস ছাড়া আর কিছুই না।
এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান বলেন, ‘কমিটি করেছে যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক। কেন্দ্র থেকে শীর্ষ নেতৃত্ব যাদের ভালো মনে করেছেন, তাদের কমিটিতে জায়গা করে দিয়েছেন।’
উল্লেখ্য, গত শুক্রবার রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু অনুমোদিত নীলফামারী জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।