জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠানটির জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭-২০১৮ অর্থ বছরের মে মাস পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় মোট ৩৩টি অভিযান পরিচালনা করা হয়। ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ লঙ্ঘনের দায়ে প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চলমান অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ, ভোক্তা বিরোধী কার্য প্রতিরোধ, ভোক্তা ও ব্যবসায়ীর দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট,পাম্পলেট ও পোস্টার বিতরণ করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘স্বল্প সংখ্যক জনবল নিয়ে আমরা বাজার অভিযান কার্যক্রম পরিচালনা করছি। আমরা মূলত এখনও ভোক্তা ও ব্যবসায়ীর দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতেই বেশি কাজ করছি। পাশাপাশি ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ অনুযায়ী পণ্যের গুণগত মান বজায় না থাকা, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা, সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না করা, ওজনে ও পরিমাপে কারচুপিসহ বিভিন্ন অপরাধে ব্যবসায়ীদের জরিমানাও করা হচ্ছে।’’
এই কর্মকর্তা আরও বলেন, ‘ভোক্তাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করার জন্য আমরা বিভিন্ন সময় প্রচারণাও চালাচ্ছি। ভোক্তারা সচেতন হলে আমাদের কাছে নিয়মিত অভিযোগ করতে পারবেন, আর তাতে আমাদের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।’