তিস্তা নদী দিয়ে ভারত থেকে ফেনসিডিল আনার সময় আটক ৪

নীলফামারী

তিস্তা নদী দিয়ে নৌকায় করে ভারত থেকে ফেনসিডিল আনার সময় পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। বুধবার (২৮ জুন) দুপুরের দিকে ডিমলার কিসামতের চর থেকে পূর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদী থেকে তাদের আটক করা হয়। ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো, পূর্ব ছাতনাই ইউনিয়নের ফুলছড়ি পাড়ার মফিজ উদ্দিনের ছেলে রহুল আমিন (২৪), মোতালেব হোসেনের ছেলে মনির (১৯), মহির উদ্দিনের ছেলে কামাল (১৯) ও হাকিমুদ্দিনের ছেলে মনজুরুলকে (২২) আটক করে।

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ জানান, চোরাকারবাড়ীরা  তিস্তা নদী দিয়ে নৌকায় করে ভারত থেকে ফেনসিডিল নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

তিনি আরও বলেন,‘অভিযানের বিষয়টি টের পেয়ে চোরকারবাড়ীরা ফেনসিডিলের চালানটি পানিতে ফেলে দিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে। এ সময় পুলিশ ও বিজিপি নৌকা দিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে নদীতে ফেলে দেওয়া ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আটককৃতরা বস্তায় করে ফেন্সিডিল নিয়ে আসছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আব্দুল লতিফ খান বাংলা ট্রিবিউনকে বলেন,‘আটককৃতরা গোপনে ভারত থেকে ফেনসিডিল এনে বিভিন্ন এলাকায় বিক্রি করে। বিষয়টি টেরে পেয়ে তিনি প্রশাসনকে অবগত করেন।’

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার দুপুরের দিকে তিস্তা থেকে ফেন্সিডিলসহ চার জনকে আটক করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।