অস্ত্র মামলায় এক যুবকের ১৭ বছরের কারাদণ্ড

কারাদণ্ড

 

রংপুরে অস্ত্র মামলায় আপোস ওরফে অরেঞ্জ নামে এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে রংপুরের জেলা ও দায়রা জজ নিযামুল হক এ রায় দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ৪ মে রংপুর নগরীর স্টেশন মুসলিমপাড়া এলাকায় কোরবান আলীর ছেলে আপোস ওরফে অরেঞ্জকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে র‌্যাব ১৩-এর একটি দল। ওই এলাকা দিয়ে যাওয়ার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ছেলেটি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় এলাকাবাসীর সহায়তায় র‌্যাব সদস্যরা তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের ডিএডি প্রিয়জিৎ বড়ুয়া বাদী হয়ে কোতয়ালী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। পরে তদন্ত শেষে কোতোয়ালি থানার এস আই ওই বছরের ২৫ জুলাই আদালতে চার্জশিট দাখিল করে। মামলার বাদীসহ ১০ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি আব্দুল মালেক। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট বসুনিয়া মোহাম্মদ আরিফুল ইসলাম।

সরকার পক্ষের আইনজীবী আব্দুল মালেক জানান, তারা ন্যায় বিচার পেয়েছেন

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জানান, তারা এ রায়ে সস্তষ্ট নয়। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।