বাইসাই‌কেল চা‌লি‌য়ে স্কু‌লে যা‌বে ওরা ১৯ জন

বাইসাইকেল পাওয়া ১৯ ছাত্রীদা‌রিদ্র্য আর প‌থের বন্ধুরতা অ‌তিক্রম ক‌রে প্রতিদিন স্কুলে যায় রৌমারীর প্রত্যন্ত অঞ্চ‌লের মে‌য়েরা। বা‌ড়ি থে‌কে স্কুলের দূরত্ব ও পথের প্রতিকূলতা কোনও কিছুই তাদের পড়া‌শোনার প্রতি আাগ্রহে ভাটা ফেলতে পারেনি। এমনই ১৯ দ‌রিদ্র ছাত্রীকে বাইসাইকেল দিয়েছে উপ‌জেলা প্রশাসন।

বুধবার (২৭ জুন) দুপু‌রে রৌমারী উপ‌জেলা প্রশাস‌ন অ‌ডিট‌রিয়াম চত্ব‌রে উপ‌জেলা প্রশাস‌নের ‘নারী ফোরা‌ম’-এর পক্ষ থে‌কে বাইসাই‌কেল দেওয়া হয়।

রৌমারীর টাপুরচর উচ্চবিদ্যাল‌য়ের শিক্ষার্থী সু‌মি ও সা‌জিদা বাইসাই‌কেল পে‌য়ে আনন্দিত। তারা জানায়, আজ থে‌কে তাদের পথে চলার কষ্ট দূর হ‌লো। প্রত্যন্ত অঞ্চ‌লের মেয়েদের শি‌ক্ষার আ‌লোয় আ‌লো‌কিত কর‌তে সরকা‌রের এমন উ‌দ্যোগ‌কে তারা সাধুবাদ জানায়।

উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ও নারী ফোরা‌মের সভাপ‌তি আফছানা রাব্বি রিপা জানান, ২০১৭-১৮ অর্থবছরের এডিপি প্রকল্পের নারী ফোরামের ৩ শতাংশ বরা‌দ্দের মোট এক লাখ ৩৮ হাজার টাকা ব্যয়ে রৌমারীর ৬টি ইউনিয়নের ১৯ জন গরিব ও মেধাবী ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

রৌমারী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, বর্তমান সরকার দে‌শের মানু‌ষের ভাগ্য উন্নয়‌নে কাজ ক‌রে যা‌চ্ছে। নারীদের শিক্ষিত কর‌তে সরকা‌রের গৃহীত পদ‌ক্ষেপগু‌লোর অংশ হি‌সে‌বে উপ‌জেলা প্রশাস‌নের নারী ফোরা‌মের জন্য বরাদ্দ করা অর্থ থে‌কে সু‌বিধা ব‌ঞ্চিত হতদ‌রিদ্র নারী শিক্ষার্থী‌দের বাইসাই‌কেল দেওয়া হ‌য়ে‌ছে। আমরা বিশ্বাস ক‌রি, এ‌তে এসব মেয়ের লেখাপড়ার গ‌তি আরও ত্বরান্বিত হ‌বে।