বাড়ছে ধরলা ও তিস্তার পা‌নি




বাড়ছে ধরলা নদীর পানিউজান থেকে নেমে আসা ঢলে বাড়তে শুরু করেছে ধরলা ও তিস্তা নদীর পানি। বর্তমানে ধরলা নদীর পানি ফেরিঘাট পয়েন্টে ১৮ সেন্টিমিটার এবং তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা ধরলা ও তিস্তা নদী ছাড়াও দুধকুমার নদের পা‌নি বৃ‌দ্ধি অব্যাহত থাক‌বে বলে জানা গেছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.শফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, ধরলা ও তিস্তার পা‌নি বাড়‌লেও গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি হ্রাস পেয়েছে। ধরলা ও তিস্তা অববা‌হিকার বি‌ভিন্ন ইউ‌নিয়‌নের জনপ্র‌তি‌নি‌ধি‌দের সাথে কথা ব‌লে জানা গে‌ছে, গত ১২ ঘণ্টায় এসব নদীর পা‌নি বৃদ্ধি পে‌তে শুরু কর‌লেও এখনও জনবস‌তিগু‌লো নিরাপদ অবস্থায় র‌য়ে‌ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, ভারতে ভারী বৃ‌ষ্টিপা‌তের কারণে ধরলা ও তিস্তা নদীর পা‌নি বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে। আগামী ৪৮ ঘণ্টা এ দু‌টি নদী ছাড়াও জেলার দুধকুমার ন‌দের পা‌নি বাড়তে থাক‌বে।

পানি বৃদ্ধি পেলেও এখনও আশঙ্কার পর্যায়ে যায়নি উ‌ল্লেখ ক‌রে এই প্র‌কৌশলী জানান, উজা‌ন থে‌কে নে‌মে আসা ঢ‌লে জেলার নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি অব্যাহত থাক‌লেও তা বিপদসীমা অ‌তিক্রম করার সম্ভাবনা কম। ভারী বৃ‌ষ্টিপাত না হ‌লে ৪৮ ঘণ্টা পর পা‌নি আবারও হ্রাস পে‌তে থাক‌বে।
তিনি আরও জানান, বিগত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধগুলো মেরামত করা হয়েছে। সেগুলো এখন সম্পূর্ণ ঝুঁকিমুক্ত।