বেরোবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসূচি ‘পণ্ড’

ক্যাম্পাসে ছাত্রলীগের মহড়ারংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ ও পতাকা মিছিল ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে পণ্ড হওয়ার অভিযোগ উঠেছে। আন্দোলনকারীদের নেতা ওয়াদুদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চেয়েছিলাম। কিন্তু, ছাত্রলীগের বাধার মুখে পারিনি।’

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া বলেন, ‘ওদের লোকই ছিল তিন-চার জন। আমরা বাধা দেয়নি।’

আন্দোলনকারীরা জানান, সকাল ১০টার পর থেকে তারা বিশ্ববিদ্যালয়ের রাসেল চত্বরে সমবেত হন। মিছিল বের করার চেষ্টা করলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ঘিরে রাখে। পুলিশও চারদিকে বেষ্টনী তৈরি করে অবস্থান নেয়। এ সময় আন্দোলনকারীদের নেতা ওয়াদুদের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া ও সাধারণ সম্পাদক নোবেল শেখের কথা কাটাকাটি হয়। ছাত্রলীগের নেতারা তাকেসহ আন্দোলনকারীদের দ্রুত রাসেল চত্বর ত্যাগ করে চলে যেতে বলেন। মিছিল করার চেষ্টা করা হলে সমুচিত দেওয়া হবে বলে জানান। অব্যাহত হুমকি-ধামকির কারণে তারা কর্মসূচি পালন করতে পারেননি।

এদিকে আন্দোলনকারীরা যাতে ক্যাম্পাসে মিছিল করতে না পারে, সেজন্য ছাত্রলীগের সভাপতি তুষার ও সাধারণ সম্পাদক নোবেলের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে মহড়া দেয়।

এদিকে কর্তব্যরত পুলিশের একজন কর্মকর্তা জানান, আমরা শান্তিশৃংখলা বজায় রাখার জন্য ক্যাম্পাসে অবস্থান করছি।