এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে রবিবার (৮ জুলাই) সন্ধ্যায় আবু সাঈদ ইমরান শুভ ও আফতাবুর রহমানসহ অজ্ঞাতনামা ৫/৬ জন সন্ত্রাসীকে আসামি করে আটোয়ারী থানায় একটি মামলা করেছেন। কিন্তু পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
এজাহার সূত্রে জানা গেছে,আনোয়ার হোসেন ঠিকাদার দবিরুল ইসলামের অধীনে ফকিরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইমারত নির্মাণ কাজের ফোরম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কয়েকদিন আগে আটোয়ারীর ইমরান শুভ (২৬) স্কুলে গিয়ে আনোয়ারের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। বিষয়টি সে ঠিকাদার দবিরুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আল রেজাকে জানান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শুভ ৫/৬ জন সন্ত্রাসী হাতুড়ি, রামদা, রডসহ শনিবার (৭ জুলাই) স্কুলে এসে কাজে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শুভ হাতুড়ি দিয়ে আনোয়ারের মাথায় আঘাত করে। তিনি মাটিতে পড়ে গেলে শুভ হাতুড়ি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করে। এক সময় আনোয়ার জ্ঞান হারিয়ে ফেললে তারা সেখান থেকে চলে যায়। এরপর এলাকাবাসী আনোয়ারকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
ফকিরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘শুভসহ কয়েকজন ছেলে আমাদের চোখের সামনে আনোয়ারকে হাতুড়ি দিয়ে পেটায়। তারা আমাদেরকেও মারার হুমকি দেয়।’
ঠিকাদার দবিরুল জানান, বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মামলার এজাহার পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।