ঘুষের টাকাসহ পল্লী বিদ্যুতের দুই প্রকৌশলী আটক

আটকলালমনিরহাটের বড়বাড়ী শিমুলতলা এলাকায় ঘুষের দেড় লাখ টাকাসহ লালমনিরহাট-কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকোশলীকে আটক করেছে রংপুর দুর্নীতি দমন কমিশনের (দুদুক) একটি দল। বৃহস্পতিবার (২৬ জুলাই) সন্ধ্যায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নির্বাহী প্রকৌশলী মমিনুর রহমান ও সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম।
লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুদকের রংপুর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোজাহার আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী মমিনুর রহমান ও সহকারী প্রকৌশলী জহুরুল ইসলামকে আটক করা হয়। মেসার্স এমএস ট্রেডার্সের মালিক তমির আলীর কাছ থেকে ঘুষের টাকা নেন ওই দুই কর্মকর্তা। লালমনিরহাটের সদর উপজেলায় অবস্থিত পল্লী বিদ্যুতের কার্যালয় থেকে কুড়িগ্রামের পথে যাচ্ছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে বড়বাড়ী শিমুল তলা বাজার থেকে ঘুষের টাকাসহ তাদের আটক করা হয়।
দুদকের উপরিচালক মোজাহার আলী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানা পুলিশের সহায়তায় দুই প্রকৌশলীকে আটক করা হয়েছে। এই ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে।’