অবৈধপথে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় আইনশৃংখলা রক্ষা বাহিনীর হাতে আটক চার কিশোরকে দেড় বছর কারাভোগ শেষে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার দুপুর ১২টায় দিকে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শুন্যরেখা দিয়ে ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি শিপ্রা রায় বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি আফতাব হোসেনের কাছে ওই চার কিশোরকে হস্তান্তর করেন। এসময় সেখানে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার এটিএম মোস্তফা ও ভারতের হিলি বিএসএফের চেকপোস্ট কমান্ডার বিকে হালদার উপস্থিত ছিলেন।
দেশে ফেরত আসা কিশোররা হলো, দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার ময়ুরবাগ গ্রামের আব্দুল হাকিমের ছেলে হাবিব মিয়া (১৭), মৌলভিবাজার জেলার শ্রীমঙ্গল থানার হবিগঞ্জ গ্রামের আবুল হাশেমের ছেলে আরিফ হোসেন (১৭), রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সন্নাসীর বাজার গ্রামের মোজাম্মেল হকের ছেলে উজ্জল হোসেন (১৭), নওগাঁ জেলার পত্নিতলা থানার চকনিরখিন গ্রামের বাদল মালির ছেলে চঞ্চল মালি (১৬)।
ভারতের বালুরঘাট শিশু অবজারভেশন হোমের কো অর্ডিনেটর সুরুজ দাশ বাংলা ট্রিবিউনকে বলেন,‘ওই চার কিশোর আজ থেকে প্রায় দেড়বছর আগে কাজের সন্ধানে ও বেড়াতে যাওয়ার জন্য কোনও ধরনের কাগজপত্র ছাড়াই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে। এর পর হিলির বালুপাড়া থেকে তিন কিশোরকে পুলিশ ও একজনকে বালুরঘাট বাসস্টান্ড থেকে বিএসএফ আটক করে। পরে পুলিশ ও বিএসএফ তাদের আদালতে সোপর্দ করে। তাদের বয়স কম হওয়ার কারণে। আদালত চার কিশোরকে বালুরঘাট শিশু অবজারভেশন হোমে রাখার নির্দেশ দেন। সেখানে তারা প্রত্যেকে দেড় বছর আটক ছিল। পরে দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ে চিঠি আদান-প্রদান ও ট্রাভেল পারমিটের মাধ্যমে মঙ্গলবার তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আফতাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশ চার বাংলাদেশি কিশোরকে আজ আমাদের কাছে হস্তান্তর করেছে। তারা দেড় বছর ধরে ভারতে আটক ছিল। তারা কোন ধরনের কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ভারতে ঢুকেছিল। পরবর্তীতে ভারতের আইনশৃংখলা রক্ষা বাহিনী তাদের আটক করে এবং তাদের শিশু শোধনাগারে রাখা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে তাদের অভিভাবকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।