‘সেবা নিতে আসা জনগণের সঙ্গে সম্মান দিয়ে কথা বলবেন’

01পুলিশের কাছে সেবা নিতে আসা প্রত্যেক মানুষকে সম্মান দিয়ে কথা বলতে নির্দেশ দিয়েছেন রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। তিনি পুলিশের উদ্দেশে বলেন, ‘আপনারা ভুলে যাবেন না আমরা প্রজাতন্ত্রের বেতনভুক্ত কর্মকর্তা-কর্মচারী। আপনাদের কাছে যারাই সেবা নিতে আসেন তাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে হবে। এটাই শিক্ষা দিয়ে গেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

সোববার (৬ আগস্ট) বিকালে লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হকের সভাপতিত্বে জেলার স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, ‘আমরা জনগণকে অপরাধমুক্ত ও নিরাপদ জনপদ উপহার দেওয়ার সর্বাত্মক চেষ্টা করবো। জঙ্গি, সন্ত্রাস ও মাদক দেশ থেকে নির্মূল করা হবে। এই লক্ষ্য নিয়ে প্রত্যেক পুলিশ সদস্যকে কাজ করতে হবে। সেজন্য গণমাধ্যমের সহযোগিতা চাই।’

লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসিরুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিটিভির লালমনিরহাট প্রতিনিধি মুক্তিযোদ্ধা এসএম শফিকুল ইসলাম, সংবাদের নিজস্ব বার্তা পরিবেশক গোকুল রায়, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেনসহ অনেকে।