দেশে ফেরার অপেক্ষায় ভারতে বন্দি ৩০ শিশু-কিশোর

বন্দি ৩০ শিশু-কিশোরভারতের দুটি শিশু সংশোধনাগারে এখনও ৩০ বাংলাদেশি শিশু-কিশোর আটকা রয়েছে। ভালো কাজের সন্ধানে বা পাচারের শিকার হয়ে আবার কেউ বা বেড়ানোর উদ্দেশ্যে অবৈধপথে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ ও পুলিশের হাতে আটক হয়। এরপর থেকেই তারা সংশোধনাগারে আছে। পর্যায়ক্রমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে। মঙ্গলবার (৭ আগস্ট) চার কিশোরকে বাংলাদেশে ফেরত দেওয়ার সময় ভারতের দক্ষিণ দিনাজপুরের জেলার সহকারী বিচারপতি সৌমন্দ্রে নাথ রায় এসব কথা জানান।

তিনি জানান, বাংলাদেশি যেসব শিশু-কিশোর কাজের সন্ধানে, ঘুরতে বা পাচারের শিকার হয়ে বা অন্য যেকোনও কারণে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। তারা সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বা পুলিশের হাতে আটক হয়ে সিএনসিপি (চাইল্ড নিড কেয়ার অ্যান্ড প্রটেকশন) হিসেবে শুভায়োন হোম বা শিশু সংশোধনাগারে রাখা হয়। এরপর তাদের তথ্য স্বরাষ্ট্র দফতর ও বিএসএফকে পাঠানো হয়।  বাংলাদেশে তাদের বাড়ি ও ঠিকানা খোঁজখবর করে জানায় তারা। পরে বিএসএফ ও বিজিবি এই বিষয় নিয়ে বৈঠক করে। তাদের নাম ঠিকানা যাচাইসহ অন্যান্য কর্মকাণ্ড সারতে কিছুটা সময় লাগে। যার কারণে দীর্ঘদিন ধরে শিশু সংশোধনাগারে থাকে তারা। দক্ষিণ দিনাজপুরের দু’টি শিশু সংশোধনাগারে এখনও ৩০ বাংলাদেশি শিশু কিশোর রয়েছে। তাদের নাম ঠিকানা যাচাই করার পর দেশে ফেরত পাঠানো হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আফতাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, সাধারণত ভারতে গিয়ে আটক পড়া শিশুদের বিষয়ে সেদেশের বিভিন্ন মানবধিকার ও স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোগ নিয়ে বাংলাদেশে ফেরত পাঠায়। এমন আটক ৩০ বাংলাদেশি শিশু কিশোরকে দেশে ফেরত আনার প্রক্রিয়া চলছে।