হিলি সীমান্তে রাখিবন্ধন উৎসব ভারতের রাখিবন্ধন উৎসব উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবির পুরুষ সদস্যদের হাতে রাখি পরিয়ে ও তাদের মিষ্টি খাইয়ে রাখিবন্ধন উৎসব পালন করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বিজিবির পক্ষ থেকেও বিএসএফ সদস্যদের হাতে রাখি পরিয়ে দেওয়া হয়। খাওয়ানো হয় মিষ্টি। ফুল উপহার দিয়ে তাদের রাখিবন্ধন উৎসবের শুভেচ্ছা জানানো হয়।
রবিবার সকাল ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাবপিলার সংলগ্ন সীমান্তের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মাঝে এই রাখিবন্ধন উৎসব পালন করা হয়। ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের নারী বিএসএফ সদস্যরা বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের বিজিবির পুরুষ সদস্যদের মিষ্টি খাইয়ে ও হাতে রাখি পরিয়ে দিয়ে রাখিবন্ধন উৎসব পালন করেন। এ সময় বিজিবির পক্ষ থেকেও বিজিবির নারী সদস্যরা বিএসএফের পুরুষ সদস্যদের হাতে রাখি পরিয়ে দিয়ে ও মিষ্টি খাইয়ে তাদের রাখিবন্ধন উৎসবের শুভেচ্ছা জানান।
হিলি সীমান্তে রাখিবন্ধন উৎসব অনুষ্ঠানে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর গিরিজ কুমার ও জামিল বাদশা এবং বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মালেকসহ সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।