দিনাজপুরের হিলিতে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত শিবিরের পাঁচ নেতা-কর্মীসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
পুলিশের অভিযানে আটককৃতরা হলো, হিলির দক্ষিণ কাদিপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মান্নান সরকার (৫৬), একই এলাকার সৈয়দ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৮), ধাওয়া গ্রামের মোকাব্বর হোসেনের ছেলে নুরুন্নবী হোসেন (২৮), পালশা পাঠানপাড়া গ্রামের মনতাজ আলীর ছেলে ইছাহাক হোসেন (৪০), একই গ্রামের মনতাজ আলীর ছেলে ইউনুস আলী (৪৫),ধরন্দা গ্রামের আব্দুল মান্নানের ছেলে জনি শেখ (৩২), ঘাসুড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সুলতান হোসেন (১৯), সাদুড়িয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে কামাল হোসেন (৩৫), দক্ষিণবাসুদেবপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে সুমন ইসলাম (৩৭), একই গ্রামের আফতাব উদ্দিনের ছেলে আব্দুস ছালাম (৩৮)।
হাকিমপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ বাংলা ট্রিবিউনকে জানান, হিলির পালশা নামক একটি গ্রামে পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জামায়াত শিবিরের নেতাকর্মীরা সংগঠিত হয়ে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সরকারকে উৎখাতের গোপন ষড়যন্ত্র করছে। এমন সংবাদ পেয়ে বুধবার ভোর রাতে পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালানো হয়। এসময় গোপন বৈঠককালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকসহ আব্দুল মান্নান, নুরুন্নবী হোসেন, ইছাহাক হোসেন ও ইউনুস আলী নামে জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জেহাদি বই, রড ও লাঠি উদ্ধার করা হয়। এছাড়াও গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৮৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।