রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৮

রংপুরে দুর্ঘটনা কবলিত বিআরটিসির বাসরংপুর নগরীর সিও বাজার এলাকায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে চার নারী, এক শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৩০ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংপুর কোতোয়ালি থানার ওসি মোখতারুল ইসলাম জানান, রবিবার দুপুর ১২টার দিকে নগরীর সিও বাজার এলাকায় পঞ্চগড়গামী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গেইটলক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৮ জন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

রংপুরে সড়ক দুর্ঘটনানিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের বেলকা গ্রামের রোকসানা বেগম এবং সৈয়দপুরের আজমুন বেগম। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন বলে কর্তব্যরত চিকিৎসক ডা.মুনতাসির জানিয়েছেন। তিনি জানান, আহতদের বেশির ভাগের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অনেকের হাত-পা ভেঙে গেছে।

দুর্ঘটনা কবলিত গেটলক বাসআহত যাত্রী জোবায়ের জানান, বিআরটিসি বাসের চালকের বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

ওসি মোখতারুল ইসলাম জানান, দু'টি বাসই আটক করা হয়েছে। তবে ড্রাইভার আর হেলপারকে আটক করা যায়নি।

জেলা প্রশাসক এনামুল হাবিব জানিয়েছেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মান্নাদ কবিরকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।