রিমান্ডে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলো তিন জঙ্গি

লালমনিরহাট

লালমনিরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে তিন জঙ্গি। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) তাদের জবানবন্দী রেকর্ড করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এএসপি হাবিবুর রহমান।

গত আগস্ট মাসে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম পৌরশহরের পোস্ট অফিসপাড়া এলাকা থেকে সাত জঙ্গিকে গ্রেফতার করে রংপুর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩ (র‌্যাব)। এক সপ্তাহের ব্যবধানে দুই দফা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

লালমনিরহাট কোর্ট থানা পুলিশ সূত্র জানায়,গত বৃহস্পতিবার (৩০ আগস্ট) লালমনিরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আফাজ উদ্দিনের আদালতে জঙ্গি ফজলে রাব্বী (২৫), শাহিন আলম (৩৫) ও হাসান মাসুদকে রিমান্ডের নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়। শুনানি শেষে পাটগ্রাম থানার অস্ত্র আইনে করা মামলায় ২ দিন এবং একই থানায় সন্ত্রাস বিরোধ আইনে করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় জবানবন্দী দেন। পরে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অর্থের উৎস ও অস্ত্রের ব্যাপারে আরও তদন্ত চলছে।  

মামলার তদন্ত কর্মকর্তা ও রংপুর র‌্যাব-৫ এ কর্মরত সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন,‘মামলা দুইটির অধিকতর তদন্তের প্রয়োজনে সবকিছু এই মুহূর্তে গণমাধ্যমে জানানো সম্ভব নয়। রিমান্ড শেষে তিনজনই জঙ্গি কার্যক্রমে সম্পৃক্তত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। এছাড়াও আরো কিছু বিষয়ে তথ্য দিয়েছে। যা বলা যাচ্ছে না।’