নানান বক্তব্য সম্বলিত পোস্টার লাগিয়ে পঞ্চগড় প্রেসক্লাবের সামনে বিষের বোতল নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে পঞ্চগড় জেলার সবুজ আলম (২২) নামের এক যুবক। তিনি জেলার আটোয়ারী উপজেলার সর্দারপাড়া এলাকার বাসিন্দা। জমি সংক্রান্ত বিরোধের জেরে মারপিটের ঘটনায় আটোয়ারী থানা পুলিশ মামলা নিতে রাজি না হলে প্রতিবাদে আত্মহত্যার হুমকি দেন সবুজ। সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড় প্রেসক্লাবের সামনে সবুজ অবস্থান কর্মসূচি পালন করে। এসময় সড়কের পাশ দিয়ে যাওয়া শত শত মানুষ এই তার বক্তব্য জানতে সেখানে ভিড় করেন। বিকেলে পঞ্চগড় থানার এসআই শাহিনুজ্জামানসহ একদল পুলিশ এসে সবুজকে পঞ্চগড় থানায় নিয়ে যান। ওসির দাবি তার মামলা রেকর্ড করা হয়েছে।
‘পুলিশ প্রশসনের অসচেতনায় মৃত্যু ছাড়া আমার উপায় নাই’, ‘মরতে মরতে বেঁচে গেছি, আজকে মরব তাতে কি’, ‘অপরাধীচক্র গ্রেফতার না হলে আত্মহত্যা করব বিষ খেয়ে, ‘করুণা নয় অধিকার চাই, বাঁচার মতো বাঁচতে চাই’, ‘আত্মহত্যা মহাপাপ, বিচার না পেলে করব আজ’ এমন সব বক্তব্য পোস্টারে লিখে অবস্থান কর্মসূচি পালন করেছেন সবুজ।
আগ্রহীদের প্রশ্নের জবাবে সবুজ জানিয়েছেন, গত ৩১ আগস্ট জমি সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার মান্না (২০), মাহাবুব (২৪) ও শফিকুল ইসলাম (৪৫) তাকে ও তার বাবা খয়রুল ইসলামকে মারধর করে। এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর সবুজ ও তার বাবা খয়রুল ইসলাম আটোয়ারী থানায় আসামীদের বিরুদ্ধে এজাহার দাখিল করে। কিন্তু পুলিশ মামলা না নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে বলে জানায়।
সবুজের ভাষ্য, পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বললেও তদন্তে যাওয়ার জন্য এসআই জাহিদ তাদের কাছে ১ হাজার টাকা দাবি করে। তারা সব মিলিয়ে ওই পুলিশ সদস্যকে আড়াইশ টাকা দিতে চাইলে এসআই জাহিদ তা নিতে অস্বীকৃতি জানান। টাকা না দেওয়ায় পুলিশ তদন্তও করেনি এবং মামলাও নেয়নি। এ কারণেই বিচার চেয়ে তার অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত।
পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম সরকারের ভাষ্য, ‘তাকে থানায় আনা হয়েছে। তার অভিভাবককে খবর দেওয়া হয়েছে। অভিভাবক আসলে তার কাছে সোপর্দ করা হবে।’ টাকা ছাড়া তদন্তে যেতে রাজি না হওয়ার বিষয়টি অস্বীকার করে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘তার এজাহারের প্রেক্ষিতে ৫ সেপ্টেম্বর মামলা রেকর্ড করা হয়েছে। যার নম্বর ০৩।’