শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের বাবুরহাট গ্রামের শিব মন্দির পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়, ওই গ্রামের নারায়ন ভুইমালীর মৃত্যুর পর গত ১০ বছর ধরে তার বিধবা স্ত্রী বাসন্তী ভুইমালী ছেলে হিরা লাল ভুইমালীকে নিয়ে স্বামীর বসত বাড়িতে বসবাস করে আসছেন। শুক্রবার সকালে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী গ্রামের মৃত তমদ্দিনের ছেলে আতাউর রহমান (৪৫) ও সদরের বাবুরহাট (শিব মন্দির) পাড়া গ্রামের মৃত চাটি মামুদের ছেলে মহুবার রহমান (৫০)সহ তাদের লোকজন নিয়ে ওই বিধবার বসত বাড়ি জবর দখলের উদ্দেশে হামলা চালায়।
পুলিশ জানিয়েছে, তারা গাছপালা কাটতে থাকলে ওই বিধবা ও তার নাবালক সন্তান বাধা দিতে গেলে তাদের কুপিয়ে জখম করা হয়। এছাড়া বিধবার পারিবারিক পুজা মন্ডপের রাধা কৃষ্ণের প্রতিমা ভাংচুর করে অগ্নিসংযোগ ঘটায়। বর্তমানে হিরালাল ডিমলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ডিমলা থানার এসআই সুমন রায় বাংলা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তিনি বলেন, থানায় মামলার প্রস্ততি চলছে। বাদীর অভিযোগ মতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।