পঞ্চগড়ে নৈশ কোচের ধাক্কায় দুই সন্তানসহ বাবা নিহতের ঘটনায় মামলা

নিহত দুই সন্তানের লাশপঞ্চগড়ের বোদা উপজেলায় নৈশ কোচের ধাক্কায় দুই সন্তানসহ বাবা নিহতের ঘটনায় মামলা হয়েছে। বোদা থানায় কোচের চালককে আসামি করে পুলিশ মামলাটি করেছে। রবিবার (৯ সেপ্টেম্বর) সকালে নিহত দুই সন্তান ও বাবার দাফন সম্পন্ন হয়েছে। দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের কাউনিখুয়া এলাকায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

শনিবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় জেলার বোদা উপজেলার পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের ধনীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- আখতারুজ্জামান আকতার ও তার দুই সন্তান আফসা ইবনাত আদিয়া (৬) ও ছেলে আব্দুল্লাহ (১৪ মাস)।

আখতারুজ্জামানের গ্রামের বাড়ি দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের কাউনিখুয়া গ্রামে। তিনি ওই গ্রামের রবিউল আলমের ছেলে। পঞ্চগড় শহরের পূর্ব জালাসী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি মাই ওয়ান ইলেক্ট্রনিক শোরুমের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

এদিকে দুর্ঘটনায় আহত রংপুর মেডিডক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আকতারের স্ত্রী তানিয়া আক্তার অ্যাম্বুলেন্সে করে আজ গ্রামের বাড়িতে আসেন।

দুর্ঘটনার জন্য দায়ী তানজিলা পরিবহনের ওই নৈশ কোচটিকে রংপুরের বড়দরগা এলাকা থেকে আটক করা হয়েছে। তবে চালক ও সংশ্লিষ্টরা পালিয়ে গেছে। এ ঘটনায় বোদা থানায় একটি মামলা হয়েছে।

বোদা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আকতারুল ইসলাম জানান, বোদা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই নাজমুল হক বাদী হয়ে নৈশ কোচের চালককে আসামি করে একটি মামলা করেছেন। এছাড়া তানজিলা পরিবহনের মালিককে নোটিশ করা হবে।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায় জানান, পঞ্চগড়ে নৈশ কোচের ধাক্কায় একই পরিবারের শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এটা খুব দুঃখজনক ঘটনা। আমরা দুর্ঘটনার জন্য তানজিলা এন্টারপ্রাইজের গাড়িটিকে রংপুরের বড়দরগা এলাকা থেকে আটক করেছি। তবে গাড়ির চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় বোদা থানায় একটি মামলা হয়েছে। মামলা অনুযায়ী দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর : পঞ্চগড়ে নৈশ কোচের ধাক্কায় দুই ছেলে ও বাবা নিহত