হিলিতে মাদক ব্যবসায়ী ও পলাতক আসামিসহ গ্রেফতার ৭

গ্রেফতারের প্রতীকী ছবিদিনাজপুরের হিলিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জেলার হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছন।

গ্রেফতার ব্যক্তিরা হলো– হিলির ফকিরপাড়া এলাকার আলম মিয়ার ছেলে রুবেল মিয়া (২৮), চণ্ডিপুর এলাকার মৃত শাহাদাত মণ্ডলের ছেলে রাশেদুল ইসলাম পিয়াস (২০), একই এলাকার মৃত কাশেমের ছেলে বকুল হোসেন (২৫), সাতকুড়ি এলাকার হাফিজুল ইসলামের স্ত্রী রেখা বেগম (৪৫), চুড়িপট্টি এলাকার ইদ্রিসের ছেলে সুমন হোসেন (১৯), বগুড়া বিসিকের বেলেপাড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে মুরাদ হোসেন (২৭) ও একই এলাকার মৃত মকবুলের ছেলে মারুফ হোসেন (৩২)।

ওসি আবদুল হাকিম আজাদ বাংলা ট্রিবিউনকে জানান, পুলিশ সুপারের নির্দেশে হাকিমপুর থানা পুলিশ শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুমন এবং মাদকদ্রব্যসহ ছয় মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাঁচ বোতল ফেনসিডিল, ৩০ বোতল এমকেডিল, ইস্কাফ সিরাপ সাত বোতল, বিদেশি মদ চার বোতল, নেশাজাতীয় অ্যামপোল ১০০ পিস এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়।