কুড়িগ্রামে ২ শিক্ষার্থীকে হত্যার ঘটনায় আটক ৩

কুড়িগ্রামকুড়িগ্রামের বিসিক শিল্প নগরী এলাকায় দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় নিহত জাহাঙ্গীরের এক সহপাঠীসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। রবিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। রংপুর র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার মোতাহার হোসেন এ তথ্য জানান।

আটকরা হলেন- সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পূর্বকল্যাণ (নাগদাহ পাড়) গ্রামের জাকির (১৫), একই গ্রামের ইমতিয়াজ (১৫) এবং লিটু (১৫)। এদের মধ্যে লিটু নিহত জাহাঙ্গীরের সহপাঠী এবং কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। অন্য দু’জন নীলারাম স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গত ২১ সেপ্টেম্বর কুড়িগ্রামের বিসিক শিল্প নগরী এলাকায় দুই শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় নিহত জাহাঙ্গীরের প্রতিবেশী ও সহপাঠী তিন কিশোরকে আটক করেছে র‌্যাব। ঘটনার দিন জাহাঙ্গীরের সঙ্গে ওই তিনজনের ফোনে কথা হয়েছিল এবং তারা জাহাঙ্গীরকে খুঁজতেও বের হয়েছিল বলে জানায় এলাকাবাসী। তবে হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতা আছে কিনা, সে ব্যাপারে এলাকাবাসী কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

আটকদের ব্যাপারে জানতে চাইলে রংপুর র‌্যাব -১৩ এর কোম্পানি কমান্ডার মোতাহার হোসেন বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাদের নিয়ে এসেছি। জিজ্ঞাসাবাদে তাদের কোনও সংশ্লিষ্টতা পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় মুকুল মিয়া, সবুজ মিয়া, মমিন মিয়া ও সাজু মিয়া নামে চারজনকে আটক করে সদর থানা পুলিশ। পরে তাদেরকে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম সদর থানার ওসি (তদন্ত) মো.রওশন কবির।