হিলিতে জুট মিলে আগুন

01দিনাজপুরের হিলিতে আরনু জুট মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৮ অক্টোবর) সকাল ৮টায় হিলি স্থলবন্দরের অদূরে ছোট ডাঙ্গাপাড়াতে আরনু জুট মিলে এই আগুন লাগার ঘটনা ঘটে। এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৮-১০ হাজার মণ পাট পুড়ে ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জুটি মিল মালিকরা দাবি করেছেন।

আরনু জুট মিলের মালিক শেখ শাফি বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার ভোর ৬টায় মিলের প্রথম শিফট চালু হওয়ার পরে সকাল ৮টার দিকে মিলের ভেতরে আগুন লাগে। মিলের ভেতরে পেছনের দিকে একটি শর্ট সার্কিটের ঘটনা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপরে আস্তে আস্তে আগুন পুরো এলাকায় ছড়িয়ে যায়। আমাদের আগুন নেভানোর যেসব গানপাউডার ছিল সেগুলো ব্যবহার করে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেছি। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি। পরে ফায়ার সার্ভিসকে বলা হলে তারা এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে আগুনে মিলের ভিতরে থাকা প্রায় ৮-১০ হাজার মণ পাট পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তার দাবি।

হিলি ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান খালেদ বিন ওয়ালিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জুট মিলে আগুন লাগার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে আমরা সেখানে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে আমরা ধারণা করা হচ্ছে মেশিনের যান্ত্রিক সংঘর্ষের কারণে মিলে আগুন লাগার সূত্রপাত ঘটেছে।’