দিনাজপুরের হিলি বাজারের চাল হাটি থেকে পুরাতন ব্যাংক সড়ক, কাঁচাবাজার থেকে জাহিদুলের ওষুধের দোকান পর্যন্ত সড়ক এবং চাল হাটি থেকে পাতিলহাটি পর্যন্ত মোট ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মঙ্গলবার সকাল ১১টায় হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত এই ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন। ৫৬০ মিটার দীর্ঘ এই ৩টি সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫২ লাখ ৪৩ হাজার ৫১২ টাকা।
এসময় সেখানে স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক ফেরদৌস আলী খান, হিলি আজিজিয়া মাদ্রাসার মুহতামিম শামসুল হুদা খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন উর রশীদ হারুন, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, হিলি বাজারের ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ফজলুর রহমানসহ স্থানীয় দোকানদাররা উপস্থিত ছিলেন।
সড়কের নির্মাণ কাজের উদ্বোধনকালে হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বলেন,‘বাজারের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আজ হিলি বাজারের ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে হিলি বাজারের সব রাস্তা পাকা করা হবে। পৌরসভার জনগণের যেন কোনভাবেই কাদার ওপর দিয়ে চলাচল করতে না হয়,তাই এ ব্যবস্থা নেওয়া হবে।’