সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সত্যের জয় হয়েছে। এটা কোনও প্রতিহিংসার ব্যাপার নয়। একদিকে যেমন বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, রাজাকার আলবদরদের বিচার হচ্ছে, জেল হত্যার বিচার হয়েছে, ঠিক একইভাবে আজ ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের রায় হয়েছে।’ বুধবার (১০ আগস্ট) বিকালে নীলফামারী শহীদ মিনার চত্ত্বরে এক সমাবেশে রায়ের প্রতিক্রিয়ায় ব্যক্ত করে সংস্কৃতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি আরও বলেন,‘২১ আগস্টের মতো যত হামলা হয়েছে তার শিকার এক মাত্র আমরা, আমাদের দল, আমাদের বঙ্গবন্ধু,আমাদের বঙ্গবন্ধুর কন্যা। ওরা (বিএনপি-জামায়াত) কিন্তু কখনো এমন হামলার শিকার হননি। কারণ আমরা তো ওই রাজনীতি করি না।’
এই রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ, সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ।
পরে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি আনন্দ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।