পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ হলো হাকিমপুর থানা

হাকিমপুর থানার কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছেপঞ্চমবারের মতো দিনাজপুর জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে হাকিমপুর (হিলি) থানা। মাসিক অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়ে ভালো ভূমিকা রাখায় হাকিমপুর (হিলি) থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার দিনাজপুর পুলিশ লাইনসের হলরুমে জেলার ১৩টি থানার সেপ্টেম্বর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সেপ্টেম্বরে মাসের ভালো পারফর্মেন্সের পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছে। দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

নবাগত অফিসার ইনচার্জ হিসেবে জেলার শ্রেষ্ঠ থানার মর্যাদা অর্জন করায় হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম ফুল দিয়ে হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেনকে শুভেচ্ছা জানিয়েছেন।

জেলার সবস্তরের পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে সেপ্টেম্বরে জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে এই ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

হাকিমপুর (হিলি) থানার ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম স্যারের নির্দেশে ও হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম স্যারের সুনির্দিষ্ট দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান সমূহ পরিচালনাসহ হাকিমপুর থানার সার্বিক অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়ে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করায় সেপ্টেম্বর মাসে হাকিমপুর থানা দিনাজপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে। এ নিয়ে পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে হাকিমপুর থানা নির্বাচিত হয়েছে। এর আগে রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে হাকিমপুর থানা নির্বাচিত হয়েছিল।