দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর রাত ৫টার দিকে হিলি সীমান্তের চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলো, হিলির ফকিরপাড়া গ্রামের মৃত জাহাঙ্গির হোসেনের ছেলে জুয়েল মিয়া (২৭), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে শাওন হোসেন (১৮)।
হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাত ৫টা দিকে হিলি সীমান্তের চন্ডিপুর এলাকার খাদিজা বেগমের লিচু বাগানে অভিযান চালানো হয়। এসময় ধাওয়া দিয়ে জুয়েল ও শাওন নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা দুটি প্লাষ্টিকের বস্তা থেকে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে হাকিমপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।