পঞ্চগড়ে কমিউনিটি ফিস্টুলা স্ক্রিনিং ক্যাম্প

PANCHAGARH-FISTULA-PIC-1‘বিলম্বিত প্রসব রোধ করি, ফিস্টুলা মুক্ত নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’ স্লোগান নিয়ে বুধবার (৩১ অক্টোবর) পঞ্চগড় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে (মাতৃসদন) অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি ফিস্টুলা স্ক্রিনিং ক্যাম্প। ফিস্টুলা কেয়ার প্লাস প্রকল্পের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এই ক্যাম্পের আয়োজন করে।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধন করেন।  সারা দিনে সেবা গ্রহণ করেন সদর উপজেলার প্রায় ১০০ জন রোগী ।
মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ডা. আফতোদা খানমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোজাফ্ফর হোসেন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রীনা, ল্যাম্প ফিস্টুলা কেয়ার প্লাস প্রকল্পের ডা. থিসটিন এ্যাডওয়ার্ড ও ডা. ডেয়া।
উল্লেখ্য, প্রসব ব্যাথা ১২ ঘণ্টার বেশি স্থায়ী হলে বাধাগ্রস্ত প্রসব প্রক্রিয়ার কারণে ফিস্টুলা হতে পারে। তবে সঠিকভাবে চিকিৎসার মাধ্যমে রোগীরা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। কিন্তু অবহেলা ও গোপনীয়তার কারণে এই রোগীরা চিকিৎসা বঞ্চিত হন।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফিস্টুলার মতো কঠিন রোগ নিয়ে নারীরা অবহেলিতভাবে জীবন কাটাচ্ছেন। শরীর পরিপূর্ণভাবে গড়ে ওঠার আগেই মেয়েদের বিয়ে হওয়া, অসতর্কতা, অদক্ষ দাইয়ের হাতে প্রসব হওয়া, পরিবারের অবহেলা এবং সঠিক সময়ে চিকিৎসকের কাছে না যাওয়ার কারণে নারীরা আক্রান্ত হচ্ছেন ফিস্টুলার মতো অসুখে।