ফুলবাড়ীতে ৪৭ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ

কুড়িগ্রামকুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ৪৭ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। এ সময় মাইক্রোবাস চালক পালিয়ে যায়। বৃহস্পতিবার (০১ নভেম্বর) ভোর রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি গ্রামের আলেপটারি এলাকায় একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-গ ১৪-৩২২৩) গতিরোধ করলে এর চালক গাড়ি থামিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ মাইক্রোবাসের সিটের নিচ থেকে ৪৭ কেজি গাঁজা জব্দ করে।

ফুলবাড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাইক্রোবাস চালক উপজেলার কবির মামুদ গ্রামের শামসুল হকের ছেলে সজিব মিয়াকে (২৭) আসামি করে অজ্ঞাত আরও তিনজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।