ভুল প্রশ্নপত্রে জেএসসি পরীক্ষা নেওয়ায় ঠাকুরগাঁওয়ে দুই কর্মকর্তাকে অপসারণ

ঠাকুরগাঁওভুল প্রশ্নপত্র দিয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা নেওয়ায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (সি) কেন্দ্র সচিব ও তদারকি কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। একই সাথে দুই কক্ষ  পরিদর্শককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি সূত্রে শুক্রবার রাতে  এ খবর জানা গেছে।

গত বৃহস্পতিবার  জেএসসি পরীক্ষায় ৪৮ জন  পরীক্ষার্থীর পরীক্ষা ভুলবশত ২০১৭ সালের সিলেবাস অনুযায়ী নেওয়া হয়। নিয়মিত পরীক্ষার্থীদের অনিয়মিত (২০১৭ সালের) প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অভিভাবকেরা ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসারকে জানান । এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান মাসুদ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকার জেলা প্রশাসকের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করেন।

ওই তদন্ত  কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির অন্য দুইজন সদস্য হলেন ঠাকুরগাঁও (ভারপ্রাপ্ত) জেলা শিক্ষা অফিসার ভুপেন্দ্র নাথ মুখার্জী ও সহকারী শিক্ষা প্রকৌশলী।

বালিয়াডাঙ্গীর লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান জেএসসি পরীক্ষার কেন্দ্রের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই কেন্দ্রের তদারকি অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমন আহম্মেদ।

তদন্ত  সাপেক্ষে ওই কেন্দ্রের কেন্দ্র সচিব জিল্লুর রহমান ও তদারকি অফিসার সুমন আহম্মেদকে পরিবর্তনের নির্দেশ দেন। সেই সঙ্গে পরীক্ষা হলের কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা দুই শিক্ষক সমিরউদ্দীন ও রেহেনা খানমকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়।

ওই কেন্দ্রের বর্তমান কেন্দ্র সচিব হলেন লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মামলুল হক। পরীক্ষা তদারকি অফিসার থাকবেন উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান মাসুদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্ত কমিটির প্রধান ও ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকার বলেন, প্রাথমিক তদন্তে কিছু অসংগতি পাওয়া গেছে। যার জন্য কেন্দ্র সচিব ও তদারকি কর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে।