ডিজিটাল নিরাপত্তা আইনে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী গ্রেফতার

গ্রেফতার

নীলফামারীর ডোমার উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে শরিফুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ নভেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ডোমার থানার এসআই গোলাম মোস্তফা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার শরিফুল পৌর এলাকার ছোটরাউতা কাজিপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং ডোমার সরকারি কলেজের বাংলা বিষয়ে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। তার বিরুদ্ধে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র বিলি ও অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্রের অনুরূপ প্রশ্ন সংগ্রহ ও বিলি করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। নীল আকাশ ও জেএসসি ফাইনাল গ্রুপ নামে ফেসবুক আইডি দিয়ে সে এসব প্রশ্নপত্র সংগ্রহ ও বিলি করে বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করে আসছিল। ওই প্রতারণা প্রক্রিয়ার সঙ্গে সেবু আহমেদ নামে আরেকটি ফেসবুক আইডি জড়িত আছে। এছাড়াও এইচএসসি পরীক্ষাতেও এমন প্রতারণা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই  গোলাম মোস্তফা বলেন,‘তার বিরুদ্ধে  আনা অভিযোগ প্রাথমিক তদন্তে  নিশ্চিত হওয়া গেছে। সে মোবাইলে বিভিন্ন পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রের সেট বিতরণসহ অর্থ আদায়ের জন্য বিভিন্ন জনের সঙ্গে কথা বলার বিষয়টির প্রমাণ পাওয়া গেছে।

ডোমার থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় ঘটনার সত্যতা স্বীকার করে বাংলা ট্রিবিউনকে বলেন,‘ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ এবং বিলি করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন,‘ তার নামে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩ (২)/৩৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৩ নভেম্বর) বিকালে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে ’