কুড়িগ্রামে দুই শিক্ষার্থী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামে দুই শিক্ষার্থীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের বিসিক শিল্প নগরী এলাকায় জাহাঙ্গীর আলম ও সেলিনা আক্তার নামের দুই শিক্ষার্থীকে হত্যাকারীদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহত ওই দুই শিক্ষার্থীর সহপাঠী ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, দুই শিক্ষার্থী হত্যাকাণ্ডের প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও মূল হত্যাকারীদের এখনও পুলিশ গ্রেফতার করতে পারেনি। অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। পরে অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেয় মানববন্ধনকারীরা।

গত ১৯ সেপ্টেম্বর সকালে কুড়িগ্রামের বিসিক শিল্প এলাকার পাশে নালিয়ার দোলায় একটি পরিত্যক্ত সেচ পাম্প ঘরের পাশ থেকে জাহাঙ্গীর আলম (১৬) ও সেলিনা (১৫) নামের দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোর জাহাঙ্গীর আলম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের নাগদার পাড় গ্রামের সৈয়দ আলীর ছেলে এবং কুড়িগ্রাম ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেনির ছাত্র। আর নিহত সেলিনা কুড়িগ্রাম পৌরসভার ডাকুয়াপাড়া গ্রামের জাবেদ আলীর কন্যা ও সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের নাগদার পাড় গ্রামের আমিন উদ্দিন দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ঘটনার পরের দিন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চার যুবককে আটক করে দু’দফা রিমান্ডে নিলেও হত্যা রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। ওই চার যুবক বর্তমানে জেল হাজতে রয়েছে।

এলাকাবাসী ও নিহতের স্বজনদের দাবি, তদন্তে পুলিশের ঢিমেতালের কারণে প্রকৃত হত্যাকারীরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।