দেবীগঞ্জে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৩

পঞ্চগড়

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে সোহেল রানা নামে এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। শুক্রবার (৯ নভেম্বর) সকালে উপজেলার বাবুরহাট এলাকায় দেবীগঞ্জ-পঞ্চগড় সড়কে এ দুর্ঘটনা ঘটে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার এ খবর নিশ্চিত করেন।

নিহত সোহেল উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের নেংরাপাড়া গ্রামের হামিদার রহমানের ছেলে।

টেপ্রিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম রহমান সরকার জানান, দেবীগঞ্জের বেলুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোহেল তার দুই সহপাঠীকে নিয়ে মোটরসাইকেলে করে জেএসসি পরীক্ষায় অংশ নিতে সদরের দেবীগঞ্জ নীপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিল। পথে বাবুরহাট এলাকায় দেবীগঞ্জ-পঞ্চগড় সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে সোহেল রানা, ইউনুস আলী শাহিন, হামিদুল ইসলাম ও ইজিবাইকচালক আলিম গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। গুরুতর আহত সোহেলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আলিমকেও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্য আহতেরা দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি রবিউল হাসান সরকার বলেন, ‘হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, মোটরসাইকেলে দুই জনকে বহন, দ্রুতগতি এবং অদক্ষ চালকের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’