রংপুর বেগম রোকেয়া (বেরোবি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় দৈনিক যুগান্তর পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাব্বি হাসান সবুজের গুরুতর আহত হয়েছে। এর প্রতিবাদে রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে রংপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স এবং অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেয়।
অনুষ্ঠিত সমাবেশে থেকে সাংবাদিকরা ৪৮ ঘণ্টার মধ্যে দায়ী ব্যক্তিদের গ্রেফতারর দাবি জানিয়ে আল্টিমেটাম দেন।
বিশ্ববিদ্যালয় শেখ রাসেল চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নুর আলম, সাধারন সম্পাদক মোবাশ্বের আহাম্মেদ। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন একুশে টিভির রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদল, সময় টিভির স্টাফ রির্পোটার রতন সরকার দৈনিক যুগান্তরের রংপুর ব্যুরো প্রধান মাহবুব রহমান, ছাত্র ইউনিয়নের নেতা ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি যুগেশ ত্রিপুরা, উদিচী শিল্প গোষ্ঠির ওয়াদুদ সাদনানসহ অন্যান্য নেতারা।
বক্তারা অভিযোগ করে বলেন, ‘শুক্রবার রাতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং সাংবাদিক রাব্বি ও তার সহপাঠিরা একটি অনুষ্ঠান শেষে ফিরছিলেন। এসময় দুই ছাত্রলীগ ক্যাডার বিশ্ববিদ্যালয় চত্বরেই তার সহপাঠীদের উদ্দেশে অশ্লীল ও অশোভন মন্তব্য করে। রাব্বি এর প্রতিবাদ করলে এ নিয়ে, তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কাটাকাটির এক পর্যায়ে ছাত্রলীগ ক্যাডাররা রাব্বির ওপর হামলা চালায় এবং তাকে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এখনও সে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
চিকিৎসকরা জানিয়েছেন তার নাকের হাড় ভেঙে গেছে। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, বিভাগীয় প্রধানসহ সবাইকে জানানো হলেও তাকে দেখতে যাননি এবং বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি।’