জামায়াতের রংপুর মহানগর আমিরসহ আট নেতাকর্মী গ্রেফতার

জামায়াতের রংপুর মহানগর আমিরসহ গ্রেফতার আট নেতাকর্মীরংপুর মহানগর জামায়াতের আমির ওয়াজেদ আলী শাহসহ আট জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছে র‌্যাব। রংপুর নগরীর দমোদরপুর থেকে শুক্রবার (২৩ নভেম্বর) তাদেরকে গ্রেফতার করা হয়।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোক্তারুল ইসলাম বলেন, ‘মহানগর জামায়াতের আমির ওয়াজেদ আলী শাহের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।’

র‌্যাব- ১৩ এর সহকারী পুলিশ সুপার আহসান হাবিব  বলেন, ‘জামায়াত নেতাকর্মীরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। মহানগর জামায়াত আমির ওয়াজেদ আলীর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে কোতোয়ালি থানায় মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে তিনি সহযোগীদের নিয়ে সংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলেন। গোপন সূত্রে খবর পাওয়া যায়, তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছেন। এমন খবরের পর দামোদরপুর এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার সকালে জামায়াত আমিরের বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় সাতটি পেট্রোলবোমা ও বই উদ্ধার করা হয়।’

গ্রেফতার অন্যরা হলেন- জামায়াত নেতা মো. এরশাদুল হক, মো. রফিকুল ইসলাম, মো. মোজাম্মেল হক, মো. রেদওয়ানুল হক, মো. মেরাজুল ইসলাম, মো. মতিয়ার রহমান, মো. আব্দুল করিম। এদের সবার বাড়ি দামোদরপুর এলাকায়।

র‌্যাব- ১৩ এর সহকারী পুলিশ সুপার আহসান হাবিব  জানান, গ্রেফতার নেতাকর্মীদের বিরুদ্ধে নগরীর হাজিরহাট মেট্টোপলিটন থানায় বিস্ফোরক ও নাশকতার অভিযোগে দুটি মামলা করা হয়েছে।