হিলি স্থলবন্দর দিয়ে আজ বন্ধ থাকবে আমদানি-রফতানি

বন্দর দিয়ে ভারতীয় ট্রাক আসছে

ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি ভবতোষ মজুমদারের মৃত্যুতে রবিবার (২ ডিসেম্বর) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দু'দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের ভেতরের সকল কার্যক্রম চালু থাকবে।

ভারতীয় সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী খোকন সরকার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আমাদের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি ভবতোষ মজুমদার শনিবার ভোররাত আনুমানিক ৩টার দিকে পরলোকগমন করেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আ্যসোসিয়েশনের পক্ষ থেকে রবিবার বন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে। তবে সোমবার থেকে বন্দর দিয়ে পুনরায় দু'দেশের মাঝে পণ্য আমদানি রফতানি কার্যক্রম শুরু হবে।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, রবিবার বন্দর দিয়ে ভারত কোনও পণ্য রফতানি করবে না, এমন কথা শুনেছি। ভারতের ব্যবসায়ীরা এ বিষয়ে মাইকিং করেছে তবে তারা আমাদেরকে এ বিষয়ে কোনও লিখিত চিঠি দেয়নি।

হিলি স্থলবন্দরের সহকারী ম্যানেজার (প্রশাসন) অশিত স্যানাল বাংলা ট্রিবিউনকে জানান, রবিবার বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরের ভেতরের সকল কার্যক্রম চালু থাকবে।