পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে সরাসরি বগুড়া পর্যন্ত বাস সার্ভিস চালু করা হয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে যাতায়াতকারী ভারত ও বাংলাদেশের সাধারণ যাত্রীদের সেবায় পঞ্চগড় জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতি এই বাস সার্ভিস চালু করে।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকেলে তেঁতুলিয়া জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে আনুষ্ঠানিকভাবে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। এ সময় তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম, পঞ্চগড় জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি মতিয়ার রহমান,সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সড়ক সম্পাদক ফজলুল করিম দুলাল, জেলা মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বদরুল ইসলাম বদি, সহ-সভাপতি আকতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার্থে তারা দুটি দূর পাল্লার বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে। একটি বাস বাংলাবান্ধা থেকে সরাসরি ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর হয়ে বগুড়া পর্যন্ত এবং অপরটি বাংলাবান্ধা থেকে সরাসরি ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর পর্যন্ত প্রতিদিন যাতায়াত করবে।