নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্প নগরীতে আমিনুল প্লাইউড ফ্যাক্টরি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৭ ডিসেম্বর) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সৈয়দপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মাহমুদুল হাসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।’
আগুনে পুড়ে ফ্যাক্টরির মূল্যবান মেশিন ও কাঁচামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা বলে প্লাইউড ফ্যাক্টরির মালিক আমিনুল ইসলাম দাবি করেছেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে, সৈয়দপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে এক ঘণ্টা পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আশপাশের ফ্যাক্টরিগুলো রক্ষা পায়।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মাহমুদুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন,‘শুক্রবার ভোরবেলা বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে প্রায় দেড় কোটি টাকার উপরে সম্পদ পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।’