লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শফিউল আরিফ আচরণবিধি লঙ্ঘনের একটি লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি জানিয়েছেন।
অভিযোগের বরাত দিয়ে তিনি বলেন, ‘লালমনিরহাট-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী আসাদুল হাবিব দুলু ও লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল প্রায় ৩৫০ মোটরসাইকেল ও ২৫-৩০টি মাইক্রোবাস নিয়ে লালমনিরহাট থেকে ভেলাবাড়ী, কমলাবাড়ী, গোড়ল, চলবলা হয়ে চন্দ্রপুর চাপারহাটে নির্বাচনি জনসভা ও প্রচারণায় অংশগ্রহণ করেন বলে অভিযোগ এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক সূত্রে জানা গেছে, লালমনিরহাট-২ আসনে (কালীগঞ্জ-আদিতমারী) আসনে জাতীয় পার্টি থেকে সদ্য বিএনপিতে যোগদান করেই ধানের শীষের মনোনয়ন পান রোকন উদ্দিন বাবুল। এই ঘটনায় স্থানীয় বিএনপির দলীয় নেতাকর্মী ও মনোনয়ন প্রত্যাশীদের সাথে মনোমালিন্য ছিল বিএনপির ধানের শীষ প্রার্থী রোকন উদ্দিন বাবুলের। বিএনপির সেই বিরোধ নিরসন ও নির্বাচনি জনসভায় যান রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
লালমনিরহাট-৩ আসনের ধানের শীষের প্রার্থী আসাদুল হাবিব দুলু ও লালমনিরহাট-২ আসনের প্রার্থী রোকন উদ্দিন বাবুল দলীয় নেতাকর্মী-সমর্থকদের মাইক্রোবাস ও মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে কালীগঞ্জ উপজেলার শামসুদ্দিন-কমর উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনি কর্মী সমাবেশে যোগ দেন।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ বলেন, ‘রাজনৈতিক সচেতন ব্যক্তিরা কখনোই আইনের বিধিবিধান লংঘন করে চলে না। আসাদুল হাবিব দুলু ও রোকন উদ্দিন বাবুল আইনের বিধিবিধান না মেনে নির্বাচনি আচরণবিধি চরমভাবে লঙ্ঘন করেছেন। বিষয়টির প্রতিকার চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি আমরা প্রতিকার পাবো।’
উল্লেখ্য, লালমনিরহাট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নুরুজ্জামান আহমেদ এমপি, বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। তারই আপন সহোদর মাহবুবুজ্জামান আহমেদ।
এ ব্যাপারে জানতে লালমনিরহাট-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
অপরদিকে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী রোকন উদ্দিন বাবুল এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।