নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে দায়ভার বিএনপি ও ড. কামালের: খালিদ মাহমুদ চৌধুরী

দিনাজপুরে নির্বাচনি প্রচারণায় খালিদ মাহমুদ চৌধুরীবাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নির্বাচন কোনও কারণে প্রশ্নবিদ্ধ হলে তা ড. কামাল ও বিএনপির কারণেই হবে। বিএনপি প্রতিদিন নয়াপল্টনে অভিযোগের বাক্স নিয়ে বসতো। জনগণের চাপের মুখে সেই বাক্স বন্ধ হয়েছে। এখন নতুন বাক্স হয়েছে ড. কামাল হোসেন। ড. কামাল সাংবাদিকদের সঙ্গে যে পরিমাণে অসৌজন্যমূলক আচরণ করেছেন এবং সন্ত্রাসীর মতো আক্রমণ করেছেন এরপরে বলার অপেক্ষা থাকে না বাংলাদেশে নির্বাচন বিতর্কিত করার চেষ্টা কারা চালাচ্ছে।’

আজ বুধবার (১৯ ডিসেম্বর) বিকালে বিরল উপজেলার বিজোড়া বাজার মাঠে গণসংযোগ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে তিনি সেখানে গণসংযোগ করেন এবং নৌকা মার্কায় ভোট চান। পরে সেখানে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় বিরল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম অরু প্রমুখ উপস্থিত ছিলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপি শুধু লুটেরাই নয়, মানুষ হত্যাকারী দল হিসেবে পরিচিত। তারা নির্বাচন করতে নয়, অভিযোগের ডালি নিয়ে বসেছে। জনগণ তাদের প্রত্যাখ্যান করছে। গত ১০ বছরে যে উন্নয়ন হয়েছে তার জন্য দেশে এখন নৌকার জোয়ার বইছে। জনগণ নৌকাকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। হিসেব মতে এবারে ২০৫টি আসন পাবে আওয়ামী লীগের প্রার্থীরা। নৌকাকে শক্তিশালী করা মানে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনাকে শক্তিশালী করা নয়। নৌকাকে শক্তিশালী করা মানেই রাষ্ট্রকে শক্তিশালী করা, জনগণকে শক্তিশালী করা। আর তাই শক্তিশালী রাষ্ট্র ও শক্তিশালী জনগোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত করতে নৌকা মার্কায় ভোট চাই।’