গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তালুকজামিরা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে ঐক্যফ্রন্টের প্রার্থী ছয় বারের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরীকে। এর আগে শুক্রবার (২১ ডিসেম্বর) বাদ জুম্মা পলাশবাড়ীর তালুকজামিরা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
ফজলে রাব্বী চৌধুরীর ভাতিজা রুপম চৌধুরী জানান, ঢাকা থেকে গত রাতেই মরদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছে। আজ (শুক্রবার) সকাল থেকে দুপুর পর্যন্ত তার মরদেহ নিজ বাড়ির উঠানে রাখা হয়। জুম্মা জানাজা নামাজ শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজার নামাজে বিভিন্ন দলের রাজনৈতিক নেতা, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের জনসাধারণ অংশ নেয়। এর আগে রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা ফজলে রাব্বী চৌধুরীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ফজলে রাব্বীর মৃত্যুতে রাজনৈতিক নেতা, বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের বাড়িতে লাশ পৌঁছার পর থেকে তাকে একনজরে দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন।
বৃহস্পতিবার ভোররাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ফজলে রাব্বী চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
১৯৩৪ সালে ১ অক্টোবর তালুকজামিরা গ্রামে জন্মগ্রহণ করেন ফজলে রাব্বী চৌধুরী। ৬ ভাই ও ২ বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। বাবা মরহুম আহসান উদ্দিন চৌধুরী ছিলেন একজন স্কুল শিক্ষক।
১৯৫৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) ডিগ্রি লাভ করেন। পরে তিনি কৃষি মন্ত্রণালয়ে চাকরিতে যোগদান করেন। ১৯৬৩ সালে টেকসাস অ্যান্ড এস থেকে এমএসসি এবং ১৯৬৫ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। এরপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগদান করেন।
ফজলে রাব্বী চৌধুরী গাইবান্ধা-৩ আসনে জাতীয় পার্টির হয়ে ১৯৮৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত (১৯৯৬) পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে ফজলে রাব্বী জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকে প্রার্থী হন তিনি।
১৯৮৪ সালে এইচএম এরশাদের জাতীয় পার্টিতে যোগদান করেন ফজলে রাব্বী। সাবেক রাষ্ট্রপাতি হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন তিনি। ফজলে ভূমি মন্ত্রী, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ও সংস্থাপন মন্ত্রী হিসেবে দায়িত্বও পালন করেন।