‘বিরোধী দলের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করছে সরকার’

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি– প্রতিনিধি)

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিরোধী দলের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করছে সরকার। নির্বাচন কমিশনকে ব্যবহারের পর বিচার বিভাগকে কাজে লাগিয়ে অনেকেরই প্রার্থিতা বাতিল করেছে সরকার, যা বেআইনি।’

শনিবার (২২ ডিসেম্বর) দিনাজপুরের পার্বতীপুর ও চিরিরবন্দরে পৃথক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশে নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি। নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে। তার হাত নেই, পা নেই, কোনও ক্ষমতা নেই।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ পরিবর্তন চায়। বর্তমান স্বৈরাচারী সরকারের দুঃশাসন থেকে মুক্তি চায়। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে এই সরকারকে উৎখাতের মাধ্যমে পরিবর্তন ঘটাতে হবে। সে জন্য ধানের শীষে ভোট দিতে হবে।’

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী। তাই দল-মতের উর্ধ্বে থেকে জনস্বার্থে কাজ করুন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘মানুষের অধিকার ও গণতন্ত্রের কথা বলায় খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দি হতে হয়েছে। পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ সবকিছু পক্ষে থাকার পরও সরকার নিরপেক্ষ নির্বাচন করতে সাহস পাচ্ছে না।’

বেলা ১টায় পার্বতীপুর বাস টার্মিনালে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও দিনাজপুর-৫ আসনে বিএনপির প্রাথী এজেডএম রেজওয়ানুল হক। পথসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। এরপর বিকাল ৩টায় মির্জা ফখরুল চিরিরবন্দরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আরেকটি নির্বাচনি পথসভায় বক্তব্য রাখেন তিনি। সেখানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মজিবর রহমান শাহ। এসময় সাবেক এমপি রেজিনা ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নেতা এমএ জলিল, দিনাজপুর-৪ আসনের বিএনপির প্রার্থী আখতারুজ্জামান মিয়া, জেলা মহিলা দলের সভানেত্রী নাজমা মসির প্রমুখ বক্তব্য রাখেন।