সংশ্লিষ্টরা জানিয়েছেন, জেলার সদর উপজেলার মডেলহাট এলাকায় নির্বাচনি প্রচারণা চালানোর সময় বিএনপি সমর্থকদের হামলায় আল ইমরান (২৮) নামে এক ছাত্রলীগের কর্মী আহত হয়। ইমরান নৌকা প্রতীকের প্রচারণার জন্য বাড়ি থেকে বের হয়ে মডেলহাট দিয়ে যাচ্ছিলেন। এসময় স্থানীয় বিএনপি সমর্থক সুফিয়ার রহমান ও তার তিন ছেলে ইমরানের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এতে গুরুতর আহত হন ইমরান। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠলে পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
অন্যদিকে অভিযোগ উঠেছে, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আওরঙ্গজেব ধানের শীষের প্রচারণা চালাতে গেলে নৌকা প্রতীকের সমর্থকদের হামলার শিকার হন। তার মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। এসময় যুবদল ও ছাত্রদলের আরও ৪ জন নেতা-কর্মী আহত হন। এরা হলেন, রমজান আলী (৪৫), ফরহাদ হোসেন (২২), লিটন (২০) ও স্বপন (৩০)।
পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন, নৌকা প্রতীকের সমর্থকরা তেতুলিয়া উপজেলার তীরনইহাট ইউনিয়ন, শালবাহানহাট ইউনিয়নের আমতলী বোয়ালমারী, শালবাহান রোড ও শালবাহানহাট এলাকার নির্বাচনি অফিস ভাঙচুর করেছে। নেতা-কর্মী ও সমর্থকদের ভয়ভীতি দেখানো এবং অন্যায়ভাবে নেতা-কর্মীদের আটক করার অভিযোগও তুলেছেন তিনি।