পঞ্চগড়ের দুইটি নির্বাচনি আসনে ভোটার যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন এজন্য সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে। ভোটারা যাতে শান্তিপূর্ণভাবে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করা হবে। কেউ যদি এই ইলেকশনে বাধা সৃষ্টি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে আমরা তাদের প্রতিহত করবো।
শুক্রবার (২৮ ডিসেম্বর) সকালে পঞ্চগড় যুব উন্নয়ন অধিদফতরের অস্থায়ী ক্যাম্পে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ আয়োজিত স্থানীয় সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন র্যাব-১৩ এর কমান্ডিং অফিসার মেজর আসাদ।
মেজর আসাদ বলেন, ‘ইলেকশন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সকলের অংশমূলক নির্বাচন করতে অঙ্গিকারাবদ্ধ। র্যাব একটি এলিট ফোর্স। এর যে সুনাম বা খ্যাতি রয়েছে, এই সুনাম অক্ষুন্ন রাখতে আমরা কাজ করবো। এ সময় তিনি তার এই বার্তা ভোটারদের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে র্যাবের এই ব্রিফিং অনুষ্ঠানে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।