দিনাজপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির দুই প্রার্থী

দিনাজপুরে জাতীয় পার্টির দুই প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছে

একাদশ নির্বাচনে দিনাজপুর-২ আসন এবং দিনাজপুর-৪ আসনে থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী জুলফিকার হোসেন ও মোনাজাত চৌধুরী। শুক্রবার সকালে এই দুই প্রার্থী দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে দিনাজপুর-২ (বিরল-বোঁচাগঞ্জ) আসনের জাতীয় পার্টির প্রার্থী জুলফিকার হোসেন বলেন,‘জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ঢাকা-১৭ আসন থেকে নিজ প্রার্থীতা সরিয়ে নিয়ে মহাজোটের প্রার্থীকে সমর্থন করেছেন এবং সারাদেশে মহাজোটের প্রার্থীর সঙ্গে জাতীয় পার্টির কাজ করার কথা জানিয়েছেন। এর ফলে আমি উম্মুক্ত প্রার্থী হিসেবে ভোটারদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি। যার সঠিক ব্যাখ্যা আমাদের কাছে নেই। একজন অতি সামান্য রাজনৈতিক ও সামাজিক কর্মী হিসেবে দোদুল্যমান নীতিতে নির্বাচন করা আমার এবং আমাদের পক্ষে সম্ভব নয়। দলের স্বার্থে, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আশায় নির্বাচনে নেমেছিলাম। এখন আবারও দলের বৃহত্তর স্বার্থে, দেশ ও জাতির কল্যাণে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নির্দেশ ও প্রত্যাশা অনুযায়ী আমি ও আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। সংবাদ সম্মেলনে তিনি মার্কা দেখে নয়, যোগ্য ব্যক্তি দেখে ভোট দেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে একই ঘোষণ দেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে জাতীয় পার্টির প্রার্থী মোনাজাত চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেলসহ অন্যান্য নেতারা।