রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরও দু’জনের মৃত্যু

 

ফাইল ছবিরংপুর অঞ্চলে শীতের প্রকোপের কারণে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধের ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (৬ জানুয়ারি) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীর অবস্থায় মারা যান তারা। এ নিয়ে দগ্ধের ঘটনায় গত পাঁচ দিনে চারজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন ২০ জন।

নিহত দুইজন হলেন- লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ি গ্রামের শাহাজাহান আলীর স্ত্রী শহিনা বেগম (২৩) এবং নীলফামারী জেলার ডিমলা উপজেলার খড়িবাড়ি গ্রামের নয়া মিয়ার ছেলে সাইমুল (১৮)।

এদিকে রংপুর অঞ্চলে শৈত্য প্রবাহে জনজীবন পুরোপুরি অচল হয়ে পড়েছে। তাপমাত্রা প্রতিদিনই কমছে। গত এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তবে সবচেয়ে বিপাকে পড়েছে সহায় সম্বলহীন হতদরিদ্র পরিবারগুলো। তারা শীত বস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ছে।

এ ব্যাপারে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. মারুফুল ইসলাম বলেন, ‘শহরাঞ্চলের চেয়ে গ্রামাঞ্চলে শীতের তীব্রতা বেশি । হতদরিদ্র পরিবারগুলো শীত নিবারণ করতে আগুন তাপানোর কারণে দুর্ঘটনা ঘটছে।’ সেজন্য তাদের মধ্যে জরুরি ভিত্তিতে শীতবস্ত্র বিতরণ করার দাবি জানান তিনি।