‘ক্ষমতায় থাকাকালে রেলের কোনও উন্নয়ন করেনি বিএনপি-জামায়াত’

বক্তব্য রাখছেন নূরুল ইসলাম সুজন (ছবি– প্রতিনিধি)

ক্ষমতায় থাকাকালে বিএনপি-জামায়াত রেলের কোনও উন্নয়ন করেনি বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত) রেলকে একটি মৃত সংস্থায় পরিণত করেছিল। তারা রেলের হাজার হাজার কর্মীকে চাকরিচ্যুত করেছিল।’

বুধবার (২৩ জানুয়ারি) রাতে পঞ্চগড় শেরে বাংলা পার্ক সংলগ্ন মুক্তমঞ্চে জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

নূরুল ইসলাম সুজন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃতপ্রায় রেলকে আধুনিক সংস্থায় পরিণত করেছেন। নতুন নতুন রেললাইন নির্মাণ, রেললাইন সম্প্রসারণ, পদ্মা সেতুতে রেললাইন স্থাপনসহ দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত রেললাইন নির্মাণ ও সম্প্রসারণের কাজ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির রাজনীতির কোনও লক্ষ্য ছিল না। বিএনপির রাজনীতিতে জনগণ নিয়ে কোনও ভাবনা ছিল না। এলাকার উন্নয়নের জন্য তাদের কোনও পরিকল্পনা ছিল না। আওয়ামী লীগ সরকার কেবলমাত্র ক্ষমতার জন্য রাজনীতি করে না; জনগণের কাছে এদলের দায়বদ্ধতা আছে। একারণে দেশের জনগণ বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসে।’

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্বাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কৃষকলীগ নেতা আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, আবু সারোয়ার বকুল, অ্যাডভোকেট মির্জা সারওয়ার হোসেন, যুবলীগ সভাপতি মো. শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।