গাইবান্ধা পৌর শহরের নতুন বাজারে অভিযান চালিয়ে দেড় বস্তা ‘প্লাস্টিকে’র (৫০ কেজি) চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে এ অভিযানের সময় কাউকে আটক করা হয়নি। সোমবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা পৌর শহরের নতুন বাজারের চাল ব্যবসায়ী রুবান দেওয়ানের দোকান থেকে এই চাল জব্দ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শহরের মুন্সিপাড়ার বাসিন্দা রনি মিয়া নতুন বাজারের রুবান দেওয়ানের দোকান থেকে ছয় কেজি চাল কেনেন। পরে বাড়িতে নিয়ে ভাত রান্নার পর খেতে অন্যরকম লাগলে তার সন্দেহ হয়। পরে রনি মিয়া চালগুলো নিয়ে সদর থানা পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত গঠন করে নতুন বাজারের বিভিন্ন চালের দোকানে অভিযান চালানো হয়। এসময় রুবান দেওয়ানের দোকান থেকে দেড় বস্তা (৫০ কেজি) চাল জব্দ করা হয়। প্রাথমিকভাবে জব্দ চালগুলো প্লাস্টিকের বলে সন্দেহ করা হচ্ছে।’
তিনি আরও জানান, শহরের ডিবি রোডসহ আরও কয়েকটি চালের দোকানে অভিযান চালানো হয়েছে। জব্দ চালের মধ্যে ১৫ কেজি চাল পরীক্ষার জন্য ঢাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর থেকে প্লাস্টিকের চালের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ব্যবসায়ী রুবানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
অভিযানের সময় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মাছুম আলী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অভিযোগকারী মুন্সিপাড়ার বাসিন্দা রনি মিয়া জানান, নতুন বাজারের রুবান দেওয়ানের দোকান থেকে তিনি ছয় কেজি চাল কেনেন। এই চাল বাড়িতে নিয়ে ভাত রান্নার পর খেতে অন্যরকম লাগলে তার সন্দেহ হয়। পরে তিনি ওই চাল ভাজতে গিয়ে দেখেন, কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে চাল পুড়ে গলে গেছে। এক পর্যায়ে আগুনের তাপে সব চাল গলে জমাট বেঁধে বল আকৃতির হয়ে যায়। এরপর তিনি চালগুলো নিয়ে সদর থানা পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন।