দিনাজপুরের হিলিতে দুই কেজি গাঁজাসহ মোহাম্মদ আলী (৪৫) নামের এক ভ্যানচালককে আটক করেছে র্যাব-১৩। শনিবার দুপুর ১২টার দিকে হিলির মহিলা ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প কমান্ডার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ভ্যানচালক মোহাম্মদ আলী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের মৃত আকালু রহমানের ছেলে।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প কমান্ডার হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১২টার দিকে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা হিলি মহিলা কলেজের সামনে অভিযান চালায়। এসময় ওই ভ্যানচালক ভ্যান নিয়ে ওই এলাকায় এসে পৌঁছালে তাকে আটক করে র্যাব সদস্যরা। পরে তল্লাশি চালিয়ে তার ভ্যানের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ভ্যানচালককেও আটক করা হয়। তাকে থানায় হস্তান্তর করাসহ তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।