হিলি সীমান্ত দিয়ে চোরাচালান, মাদকপাচার ও মানবপাচারসহ সীমান্তে হত্যা বন্ধে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে র্যালিটি বের হয়। র্যালিটি হিলি সীমান্তের চেকপোস্ট সড়ক থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে এসে শেষ হয়।
সেখানে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার চাঁন মিয়ার সভাপতিত্বে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু নাঈম, ব্যাটালিয়নের এডি আবু সাঈদ মৃধা, হাকিমপুর পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু নাঈম জানান,‘বিজিবি সীমান্ত দিয়ে চোরাচালান, মাদকপাচার, মানবপাচার বন্ধে সব সময় তৎপর রয়েছে। পাশাপাশি এসব বন্ধে স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধিদের সহযোগীতা কামনা করা হয়েছে। এছাড়াও এধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের তথ্য দিয়ে বিজিবিকে সহযোগীতা করার জন্য জনগণকে আহ্বান জানানো হয়েছে। এছাড়া সীমান্ত হত্যা বন্ধে অবৈধভাবে পারাপার না করার এবং জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এসময় উপস্থিত জনাসধারণ সীমান্ত দিয়ে বিশেষ করে মাদকপাচার বন্ধে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগীতা করবে বলে জানায়।